এখন থেকে করোনা রোগীদের শেষকৃত্যের সমস্ত খরচ বহন করবে রাজ্য
দি নিউজ লায়ন; রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর থেকেই মৃ্ত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। ডেথ সার্টিফিকেট পেতে দেরি হওয়া নিয়ে অভিযোগ উঠেছে। তবে এবার সৎকার পদ্ধতি নিশ্চিত করতে শুক্রবার ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগের ঘোষণা করল রাজ্য। নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে চিকিৎসকের অধীনে রোগীর চিকিৎসা চলছিল, তিনি ডেথ সার্টিফিকেট দিতে পারবেন।
এমনকি রোগীর ব্যক্তিগত চিকিৎসকও ডেথ সার্টিফিকেট দিতে পারবেন। হাসপাতালে মৃত্যু হলেও এই নিয়ম বজায় থাকবে। কোনও রোগীকে স্থানান্তরের সময় মৃত্যু হলে, যে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদেরই ডেথ সার্টিফিকেট দিতে হত। এখন থেকে রোগীর দেহ সৎকারে পুলিশের নো অবজেকশন সার্টিফিকেটও লাগবে না বলে জানিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন যে, করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে তা আগে সংশ্লিষ্ট নোডাল অফিসারকে জানাতে হবে। প্রতি পুরসভায় নোডাল আধিকারিক রাখবে সরকার।
রোগীর মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে শেষকৃত্যের ব্যবস্থা করবেন তাঁরাই। এছাড়াও শেষকৃত্যে মাস্ক ও পিপিই কিট পরে ৫ জন রোগীর পরিজন হাজির থাকতে পারবেন। এছাড়াও নবান্ন সূত্রে খবর, রোগীর শেষকৃত্যের সমস্ত খরচও বহন করবে রাজ্য, বে ডেথ সার্টিফিকেট দেখাতে হবে পরিবারকে। এর ফলে ধাপার মাঠে মৃতদেহের স্তূপ জমবে না বলেই মনে করছেন সবাই।
করোনা রোগীদের মৃতদেহ সৎকারের দায়িত্বে থাকা নোডাল অফিসারদের নাম এবং ফোন নম্বর জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য সরকার। কলকাতা এবং আশপাশের শহরাঞ্চলের জন্য ১২৪ জন নোডাল অফিসার এবং গ্রামীণ এলাকার জন্য ৩৪২ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।

Post a Comment